স্মার্ট অ্যাক্সেসরিজেও এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে
বর্তমানে স্বাস্থ্য, প্রযুক্তি ও ফ্যাশন সচেতন মানুষ নিজেকে এগিয়ে রাখার জন্য বিভিন্ন ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ ব্যবহার করে থাকেন। আর এসব অ্যাক্সেসরিজের বাজারে শীর্ষ পাঁচে চলে এসেছে হুয়াওয়ে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ইন্টারন্যাশরনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) প্রতিবেদনে বলা হয়েছে, গতবছরের প্রথম প্রান্তিকে তুলনায় এ বছর হুয়াওয়ে ২৮২ শতাংশ বেশি পরিধেয় প্রযুক্তির পণ্য বাজারজাত করেছে। স্মার্ট পণ্য বাজারের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ৫ মিলিয়ন ইউনিট পরিধানযোগ্য পণ্য বাজারে ছেড়েছে এই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান। এ হিসেব অনুযায়ী প্রথম পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে।
এদিকে চীনের বাজার নিয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জিএফকে। এ প্রতিবেদন অনুযায়ী, অ্যাক্সেসরিজের বাজারের ৩৩ শতাংশ দখল রয়েছে হুয়াওয়ের। জুলাইয়ের হিসাব অনুযায়ী, হুয়াওয়ের স্মার্টওয়াচ ও ব্যান্ড সব মিলিয়ে ১০ মিলিয়নেরও বেশি ইউনিট বাজারে ছাড়া হয়েছে।
চীনে এসব পণ্য বিক্রির ক্ষেত্রেও হুয়াওয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। সেখানে বছরান্তে বিক্রি বেড়েছে ৮ শতাংশ।
প্রযুক্তিনির্ভর এই সময়ে মানুষকে স্বাস্থ্যের হালহকিকত জানাতে হুয়াওয়ে যেসব অ্যাক্সেসরিজ বাজারে এনেছে তার মধ্যে ওয়াচ জিটি অন্যতম। গতবছর অক্টোবরে বাজারে আসার পর শুধুমাত্র ওয়াচ জিটি ২০ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ-২০১৯ এ ১১টি অ্যাওয়ার্ড ও সম্মাননা অর্জন করেছে হুয়াওয়ের ফ্রি বাডস থ্রি।